16 Jun 2016

মৌসুমী


মৌসুমী
*****
আকাশ যেন খুব রেগে আছে
মুখ নিকষ কাল, কপালে বিশাল ভ্রুকুটি
চোখ দিয়ে ঘন ঘন বজ্রের আগুন ছুটছে।
--
শান্ত মেঘ বালিকারা স্নিগ্ধ বারি ধারা ছড়িয়ে
ভূমি কে শীতল করার চেষ্টায় রত
বনলতা তাদের ডাকছে দুহাত বাড়িয়ে।
--
নদীরা নতুন জলে সেজে চলেছে সাগরের পানে
সূর্য্য আজ ডুব দিয়েছে সময়ের অনেক আগে
মন্ডুক বাহিনী তাল ঠুকছে ঝিল্লির গানে।
--
বাতাস ছুটছে মৌসুমীর গন্ধ মেখে 
দিক দিগন্তে অভয় বার্তা দিতে
পুলক জাগে বৃষ্টি ভেজা চোখে। 
 ------------------------------------------------------------------------------------------------------------------------------








12 Jun 2016

প্রতীক্ষা

প্রতীক্ষা 
******
আকাশের চোখ আজ শুকিয়ে গেছে
ভূমির শব দেহ পড়ে আছে পায়ের কাছে,
ক্ষত বিক্ষত জীবন ধুঁকছে আর ধুঁকছে
যুগ যুগ ধরে আলো দিন গুণছে আর গুণছে,
কবে বইবে বাউল বাতাস শনশন, ঝুপঝাপ 
মেঘ মুক্ত ঝরাবে ছনছন, টুপটাপ
নদীরা  হাসবে ঝিকমিক, চিকমিক
পাখীদের কাকলী কিচমিচ, কিচমিচ, 
পাতায় পাতায় বোল রিমঝিম, রিনঝিন
তামাম দুনিয়া দেখবে এক নতুন সোনালী দিন।
---------------------------------------------------------------------------------------------------------------------------------

23 May 2016

খরা



খরা
***
যন্ত্রনায় মুচড়ে উঠছে বসুন্ধরা
সময় যুঝছে অসহতার সাথে
নিবিড় কুয়াশা, ঘন অন্ধকার 
নদী ব্যস্ত পথের হদিস পেতে।
--
আকাশ ভেঙে নামুক বৃষ্টি
সমুদ্র হোক টাল মাটাল
তুমুল ঝড়ে কাটুক মলিনতা
জীবন হোক দৃপ্ত, উত্তাল। 
--------------------------------------------------------------------------------------------------------------------------------


 বৃষ্টি
***
কখন ইলশে গুড়ি 
কখন বা নিন্ম চাপ
অবশেষে এলো বৃষ্টি
শান্ত দহন তাপ। 
--
মাটিতে সোঁদা গন্ধ,
সবুজ হাসি হাসে কলমি লতা
ঝোপে ঝাড়ে ঝিল্লীর উচ্ছাস 
থোকা থোকা কদম ফুলের উচ্ছলতা।
--------------------------------------------------------------------------------------------------------------------------------








12 May 2016

গণতন্ত্রের উৎসব

গণতন্ত্রের উত্সব
************

ও কাকু ভোট মানে কি !
আমাকে লাঠি দিয়ে মারা !
তবে ভোট চাইনা।
আমাকে কেউ মারেনা
না ঠাম্মা, না বাবা, না মা।
তোমরাই প্রথম মেরেছো
আমি ভোট চাই না।
ভোট ভাল না, মোটে ভাল না।
 ---
মামা, মামা, মামা
আর সহ্য করতে পারছিনা।
আমি জানতাম না
ওটা পোস্টার,   
তোমাদের ভোটের ছবি।
ঘুড়ি কেনার পয়সা নেই ,
তাই ওটা ছিড়ে ঘুড়ি উড়িয়েছিলাম,
ওই নীল আকাশ টা যে আমাকে ডাকে।
ঘুড়িরা যায় ওর কাছে।
আমিও ওখানে একটা শুধু
ঘুড়ি পাঠাতে চেয়েছিলাম।  
দোহাই তোমাদের, আর মেরোনা।
---
আমি তো তোমাকে মেসো ডাকি,
তুমি আমাকে মারছো কেন !
আমি তো ভোট দিতে যায়নি,
ভোট কি জিনিষ ?
আমি তো  জানিনা,
দাদু জানে , দিদা জানে
বাবা মা ও জানে
তুমি আমাকে মারলে কেন !
 --
ও ছেলেরা , কি করছ ?
এটুকখানি মাথা গোজার চাল
ভাঙ্গছো কেন ! ভাঙ্গছো কেন !
আমাদের কি অপরাধ ?
বুড়ো মানুষটাকে এমন ভাবে মারছো কেন !
আমার তো শুধু আমাদের নিজেদের ভোট দিয়েছি
আমার কাপড় ধরে টানছো কেন !
আমাদের মধ্যেই  আছে তোমাদের  বাবা মা
এমন হেনস্তা কেন ! এত অপমান কেন !
বেশ করেছি নিজেদের ভোট দিয়েছি, আবার দেব
তোদের মা কে ই উলঙ্গ করলি! করলি কেন !
---------------------------------------------------------------------------------------------------------------------------------

অবোধ প্রশ্ন
*********

জেঠু গো, জেঠু,
দাদা টাকে মেরে ফেললে কেন !
দাদাটা যে বড্ড ভাল ছিল।
সে তো মোষ চুরি করেনি,
সেটা তো বাঁধা ছিল তোমারই  ঘরের পাশে ।
দাদাটা কে হাসপাতালে যেতে দিলেনা কেন !
মেরে ফেললে কেন !
------------------------------------------------------------------------------------------------------------------------------



















4 May 2016

আগমন


আগমন
******
মেঘেরা বাজায় ডমরু,
বাতাসে রুদ্রবীনার ঝঙ্কার,
আকাশে বিদ্যুত শিখার
প্রলয় নাচন, তৃষিত মাটিতে
স্বস্তির নিঃস্বাস, ঋতুর
প্রথম বৃষ্টির আশ্বাস,   
দুয়ারে হাজির কালবৈশাখী।
--------------------------------------------------------------------------------------------------------------------------------

22 Apr 2016

আহবান


আহবান 
*******

গড্ডালিকা প্রবাহে
মন উচাটন।
পঙ্কিল জলে
ভাসছে জীবন।
--
চিল শকুনের আনাগোনা
ভাগাড়ে ভাগাড়ে,
জমাট বাঁধা আঁধারে হায়না,
সদ্যজাত আস্তাকুড়ে।
--
ক্যানভাসে ধূসর গন্ধ
বাতাসে বাতাসে হাহাকার,
দেউলিয়া জীবন আজ অন্ধ,
বাজার শুধুই বাজার।
--
আকাশ আধেক
সূর্য্য আনো ধরে,
বাকী আধেক
তারায় দাও ভরে।
--
রাঙা হয়ে উঠুক
দিক চক্রবাল,
জোত্স্না মাখুক
নদীর জল।
--
বৈশাখী মেঘ বৃষ্টি ঝরাক
আমের মুকুলে মুকুলে,
জীবনের কলরব ছড়াক
কালবৈশাখীর দূরন্ত হিল্লোলে। 
------------------------------------------------------------------------------------------------------------------------------





































21 Apr 2016

অনুভুতি - (1) & (2)

 অনুভূতি
*******
 (১)
কে যে মানুষ কে অমানুষ
বোঝা এখন কঠিন বটে,
ফারাক তবে হয় যে মালুম
বিবেক যখন বিকায় হাটে।
----


(২)
শিল্পী যখন কণ্ঠ বেচে
কবি বেচে কলম,
' তুমি মানুষ আর আমি মানুষে '
তফাৎ থাকে কোথায় তখন !

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------