25 Jun 2019

ঝরাপাতা

ঝরাপাতা
********
ঝরাপাতার দিন এখনও দুরায়ত,
আকাশের মুখ বিবর্ন, বিষন্ন
নিত্য নতুন নরক দর্শন,
লোভাতুর জিহবা কিসে তোর তুষ্টি!
মরনাপন্ন জীর্ণ ভূমি ধুঁকছে ,
জুঁই ফুলের সর্বাঙ্গেও জরুলের চাষ;
পাহাড়ী ছোট্ট নদীটির হাহাকার,
রাতের ভাঙাচোরা স্বপ্ন কাকডাকা ভোরে 
ডানা মেলে সুদূর সাগরের পানে -
সোনালী রোদ ঝরে যায়;
সুখের পাখী মুক্ত বাতাসে দেয় উড়ান
কুঁড়ে ঘরের চালে যাপিত জীবনে বসত করে দুঃখের পাখীটি।
-------------------------------------------------------------------------------------------------------------------------------

5 Jun 2019

বিবেক

বিবেক
*****

বিবেক তুমি কোথায়, আজ কি হারিয়ে গেছ জীবন থেকে ! মানুষের মনের গহনে ছিল তোমার বাস। ঝর্ণার মত কুলকুল করে বইতে, জোৎস্না মেদুর ভালবাসা ছড়িয়ে দিতে কত শত মনকেমনের নদীর স্রোতে। ঋজু পাহাড়ের চূড়ায় চূড়ায় শ্বেতশুভ্র বরফে ছিল তোমার অস্তিত্ব । দিগন্ত জোড়া বনানীর মাঝে তুমি সবুজ হাসি হাসতে। এই মহাকাশ জোড়া স্বাধীনতা ছিল তোমারই  অবদান। কত নতুন নতুন ইচ্ছে ভরা ঝোড়ো বাতাসে ভরিয়ে দিতে বাতাবরণ। ভোরের নরম আলো নবীন উদ্যমে ভরে দিত। উর্বরা ভূমিতে দিয়েছিলে নিশ্চিন্ত মমতামাখা আশ্রয়। বৃষ্টিঝরা উচ্ছলতা তেও ছিল নিরাপত্তার সুখ।   রং বেরঙের প্রজাপতি আর পাখিদের করেছিলে মুক্তির দূত। ঋতুর বৈচিত্রে, ফুলের সৌরভে ঢেলে দিয়েছিলে অবাধ নির্মল ভালোবাসা। মহাসমুদ্রের গর্ভে গভীরতা আর তার উত্তাল তরঙ্গমালায়  সাহস ছড়িয়েছিল তুমি বিবেক, তুমি। আজ কোথায় অস্তিত্ব, কেন বিলীন হয়ে যাচ্ছে তোমার উপস্থিতি!
--
অসংখ্য কাঁটাতারে ঘিরে ফেলেছে তোমার পৃথিবীকে, তোমার মানবজাতিকে অসংখ্য ভাগে বিভক্ত  করে ফেলছে। বেড়েই চলেছে গোলা বারুদ আর অস্ত্রের সম্ভার। বাতাবরণ হয়ে উঠেছে বিষাক্ত  ঘৃণা আর হিংসা ভরেছে মানুষের সেই মনে, যে সিংহাসনে ছিল বিবেক তোমার বসত। তোষামোদ স্থান নিয়েছে যোগ্যতার। সততা আর নিষ্ঠার বদলে লোভ চষে ফেলছে মানব জমিন। হিংস্রতার প্রতিযোগিতায় জীবন আজ দুর্বিষহ। ভালবাসা হারিয়ে যাচ্ছে, মানষিক শারীরিক স্থবিরতা জগৎ জুড়ে। আজ প্রতিটি দিন যেন ডুবে যায় গুমরান অন্ধকার এক সমুদ্রে।
--
কয়লার খনি থেকে পাওয়া যায় হীরে। ঝিনুকের মধ্যে জন্ম হয় মুক্ত। ঠিক তেমনি মানব হৃদয়ের অন্তরে, মস্তিকের অভ্যন্তরে বিবেকের বাস। বিবেক হল সততা, আর জীবন ও যাপনের  ধ্রুব তারা। এই বিবেক কে বাদ দিয়ে সমস্ত বিদ্যাবুদ্ধি, শক্তিসামর্থ, স্বপ্নইচ্ছা, প্রচেষ্টাপ্রতিজ্ঞা সব ই মূল্যহীন। বিবেক অন্ধকারের  আলো, প্রলয়ের কান্ডারী। তাই সমাজ থেকে বিবেকবোধ হারিয়ে যাওয়ার অর্থ পতনের পিচ্ছিল নরকের দ্বারে পা বাড়ান।        
--
বিবেক তুমি জেগে ওঠ পৃথিবীর প্রতিটি কোনে, প্রতিটি মানুষের মনে। ভেঙে ফেল এই গারদখানা, স্তব্ধ কর এই পৈশাচিকতার উল্লাসকে,  রুদ্ধ করে দাও এই ঘৃণিত গরল স্রোতধারা। প্রতিটি মানুষ শুধু কেন প্রতিটি প্রাণ এই ধরিত্রীর সন্তান। এখানে সকলের অধিকার সমান, আর সমান সকলের দায়িত্ববোধ। একমাত্র তুমিই পার এই পৃথিবীততে এক আকাশ জুড়ে অনন্য রামধনুর স্বপ্ন কে সফল করে তুলতে। সমাজে এই নিদারুণ একাকিত্বের হাহাকার মুছে যাক, মানবিক মেলবন্ধের কল্লোলে ভেসে যাক আমাদের এই পৃথিবী 
-----------------------------------------------------------------------------------------------------------------------------







26 Feb 2019

রক্ত

রক্ত
******

তুমি যখন আঘাত কর
মানুষের বুকের রক্তে
ভিজে যায় মানবমনের জমিন,
খালি হয়ে যায় কত মাতৃক্রোড়,
আমি যখন আঘাত হানি
সেই মানুষেরই বুকের রক্তে
লাল হয় একই মানবজমিন
শূন্য হয় কত মায়ের কোল।
--
বারুদ কোন ব্যবধান
বোঝেনা, সব কিছুকে
ভেঙে গুঁড়িয়ে দিতে চায়
জ্বালিয়ে পুড়িয়ে করে ছারখার,
দেশ বিদেশের গণ্ডি মানে না
প্রতিবেশীর ঘরের চালে
আগুন লাগালে, সে অচিরে
ছড়িয়ে পড়ে আমারই চালে।
--

অনেক যুদ্ধ দেখছে পৃথিবী
জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে,
বর্ণে বর্ণে, দেশে দেশে।
দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছে 
এই মানব সমাজ
হিরোশিমা নাগাসাকি আজও
তার ক্ষত বয়ে চলেছে,
আর যুদ্ধ চাই না।
--
যুদ্ধ মানে সত্যের অপমৃত্যু,
মানবাধিকারের লঙ্ঘন
আর মনুষ্যত্বের অবমাননা ;
মানবিকতা কিন্ত লাশের
প্রভেদ জানে না,
তাইতো প্রতিটি মৃত্যুই
চোখের জল ঝরায়,
ঝরায় তাজা রক্ত
রক্ত ঝরলে ভাল লাগে না,
ভীষণ খারাপ লাগে আমার।
----------------------------------------------------------------------------------------------------------------------------------






   

31 Jan 2019

মুক্ত নুড়ির মালা

মুক্ত নুড়ির মালা
*************
জীবনে চলার পথে কুড়ানো কত নুড়ি
মহাকালের ঝুলিতে ভরা সযতনে,
নুড়ি পাথরের মুক্তমালা গাঁথার চেষ্টা অবিরাম
আছে কত আতর গন্ধ স্মৃতি
কত জ্যোৎস্না মাখা ভালবাসা
টুকরো টুকরো ঝিনুক ঢাকা কথা,
সুবিশাল ক্যানভাস
জলছাপ ছবি ভাসা ভাসা। 
--
জ্বলজ্বলে মুখগুলি যেন এক আকাশ তারা,
হাঁটাচলায় মাদলের দ্রিমি দ্রিমি
কণ্ঠ কখন বাঁশির সুর, 
কখন বা মেঘমন্দ্র আওয়াজ
উঁচু পাহাড়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়া দিন।
মাথার ওপর জ্বলন্ত অঙ্গার, 
বা নিকষ নিবীড় অন্ধকার
বয়েছে অগণিত রক্তনদী।
--
কাঁটার মুকুট কপালে
ঝোড়ো সময়ের দৌড়, 
থামলেই থেমে যাওয়া,
তাইতো দ্রুতবেগে সবল পায়ে এগিয়ে যাওয়া 
আকাশের দিকে বাড়ান বজ্রমুষ্টি 
লাল সূর্য্যটাকে যে ধরতেই হবে।
---------------------------------------------------------------------------------------------------------------------------

17 Jan 2019

কবিতা

কবিতা 
********
জীবন সংগ্রামের আর এক নাম কবিতা
আদি থেকে অন্তের পরতে পরতে কাব্য,
বিবর্তনের অন্তঃস্থলে রয়েছে এক অপরূপ ছন্দ
বিন্দু থেকে বিশ্বব্রম্ভান্ডে রূপান্তরও সুগভীর এক লয়
ছত্রাক থেকে প্রানের সূচনায়ও লুকিয়ে আদিম কাব্য,
সৃষ্টি আর ধ্বংস চলে তালে তাল মিলিয়ে
সময়ের দু হাতে বাজতে থাকে দুন্দুভী
মহাকালের বাঁশীতে বয়ে চলে পরিবর্তনের ধারা
যুগে যুগে রচিত হয় এক একটি  মহাকাব্য,
ভরকেন্দ্রের হৃৎপিন্ড খুঁড়ে এগিয়ে যায় সে কাব্য, 
যুগিয়ে যায় বেঁচে থাকার অক্সিজেন
মৃত্যু কে বরণ করে নিতে দেয় প্রেরণা
কবিতা তার শব্দ, গন্ধ, স্পর্শ, বর্ন নিয়ে 
গতির সাথে তাল, লয়, ছন্দ মিলিয়ে 
যখন হয়ে ওঠে অর্থবহ, দেখায় নতুন স্বপ্ন,
তখনই সে হয় মহান, কালোর্ত্তীর্ন,
অনুভবের অনুরণনে বিলীন,  
অগ্রগতির পাথেয়, এক অনন্য কৃষ্টি।

12 Dec 2018

শৈশব

শিশু দিবস
********
শিশুদের জন্য কত কিছু আছে -- শিশু দিবস, শিশুমেলা, শিশু বছর এমন কি শিশু উদ্যান, শিশু হাসপাতাল। কিন্তু শৈশব আছে কি?




9 Apr 2017


শৈশব

শৈশব
*****

গাছে গাছে আম,জাম, পেয়ারা, তেঁতুল
 শৈশব কি আজ ভুলেছে গাছে চড়তে !
সাড়া দেয় দিগন্ত ছোঁয়া সবুজ মাঠের হাতছানিতে !
প্রাণ কি চায় প্রজাপতির সাথে মিতালী করতে !
ভালোবাসে এপার ওপার সাঁতার কাটতে,
নদী, পুকুর, অথবা দীঘির টলটলে জলে !
--
শিউলী ফুলের গন্ধ কি পায় বাতাসে !
পৃথিবী আলো করে সূর্য ওঠে কেমনে !
ভোরের শিশির কি মাখে পায়ে !
অসীম শুন্যে আর কেউ তারা গোনে !
দেখে কি চারিদিক রাঙিয়ে
  সূর্য কেমন লুকিয়ে পড়ে দিনের শেষে !
 --
শৈশব কি পূর্নিমায় চাঁদের মা বুড়িকে খোঁজে!
আঁধার রাতের বুকচিরে বিদ্যুৎ যায় চমক দিয়ে,
মনে কি আর শিহরণ জাগায় !
ওদের পুরো আকাশটাই যে নিয়েছি ছিনিয়ে ;
শুধু নিয়ন বাতির ঝলক চোখ ধাঁধায়
ঝাঁ চকচক শপিংমল আর হাইরাইজে।
--
বৃষ্টি ভেজার মজা কি আর কেউ লোটে!
কাগজের নৌকা ভাসাতে,
বুকজল চায় কি আর ভাঙতে !
গেম খেলতে মোবাইল দিয়েছি হাতে ;
শুধুই বারুদের চাষ করেছি জমিতে !
জীবন থেকে প্রকৃতিকে দিয়েছি ছেঁটে।
--
শৈশব কে নিয়েছি কেড়ে
অভ্যস্থ করেছি যান্ত্রিক জীবনে,
তুষ্ট নেই আর 'পাগলা দাশু' তে !
ব্যস্ত টিভিতে ঘরোয়া কোন্দলের অভিনয়ে,
শিশুরা শিখছে সস্তা হাততালি কুড়াতে !
কলের পুতুলে যাচ্ছে দেশ ভরে।
 --
প্রভাত ফেরি আজ নয় আবির হাতে
কাবাডি, খোখো, ফুটবল যাক চুলোতে!
গদা, ত্রিশূল, বর্শা, তলোয়ার হাতে,  
সামিল করেছি মিছিলে নানা অজুহাতে !
দারুন কৌশলী দাবার চালের গুটিতে,
শৈশবেই মানুষ শিখে যাবে মানুষ মারতে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

24 Jun 2017


'তারে জমিন পর '

'তারে জমিন পর '
*************

আকাশের তারারা আজ নেমে এসেছে
মাটির এই পৃথিবীতে
হাটে মাঠে, রাস্তায়  ফুটপাতে, কলে কারখানায়,
এমনকি আস্তাকুঁড় জুড়ে !
কাঠি কাঠি পায়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে
ঘাম ঝরছে বিস্তর, তার মাঝেই মিশছে বিন্দু বিন্দু রক্ত !
কচি কচি হাতগুলি সদাই ব্যস্ত কাজে
মাটি কাঁটা,পাথর ভাঙা, ইঁট মোট বওয়া,
আগাছা নিড়ানো, গরুছাগল চড়ান, দেশলাইকাঠিতে বারুদ লাগান,
নয়তো বা বাসন মাজা, জঞ্জাল সাফ করা, ছোট ভাইবোন সামলানো,
আরও কত কিছু বলে শেষ করা যাবে না !
অপুষ্ঠ শরীর, শুকনো মুখ, অবোধ  চোখ
কখন কখন ছেলেমানুষী করে ফেলে
পেটে খাবার  ঠিকঠাক না জুটলেও
কপালে শাস্তির বরাদ্দ টা ঠিক থাকে !
ওরা শিশু বটে, শিশুর আদর জোটে না ।
ওরা শ্রমিক বটে শ্রমিকের অধিকার  জোটে না।
--
আর কিছু আছে যাদের খাওয়াপরা জোটে সহজেই
শিক্ষার অচলায়তনের বোঝা তো ওদের কাঁধে !
সেই ভারে মেরুদন্ড যাচ্ছে বেঁকে
ছেলেমানুষি করার ইচ্ছা জাগে বটে সুযোগ কোথায়,
কঠিন নিয়মের শেকলে বাঁধা যে ওদের মন !
তাছাড়া কিছু আবার অতিপুষ্টি আর আতিশয্যের আধিক্যে
কিছু হচ্ছে বিকৃতির শিকার, ভবিষ্যত বিপদের সম্ভবনা !
--
আরও আছে একদল যারা একেবারে অপাঙতেয়,
সমাজের সহৃদয়তার কল্যাণে তারা 'স্পেশাল চাইল্ড'
তাইতো সাধারণের গন্ডির বাইরে দিয়েছি বার করে !
আগে 'বিশেষের'  চক্রব্যূহ তো ভেদ করুক
তারপর নাহয় ভেবে দেখা যাবে
সাধারণ শিশুদের সাথে মিশ খাবে কিনা !
--
শিশুরা আজ সত্যি বড় বিপন্ন
চেতনা আসার আগেই
হারিয়ে না যায় শৈশব !
"খোঁ না  যায় এ তারে জমিন পর "....

---------------------------------------------------------------------------------------------------------------------

27 Dec 2013


বইমেলা



বইমেলা
*******
আসছো  তুমি  বইয়ের  মেলায়
কিনছো  কত বই,
সুযোগ  পেলেই  হাঁক  পাড়ছো
এই  ছোড়া চা  কই ?


ভাড়ে  ভাড়ে  চা  দিয়ে  যাই
তোমার  মেটে তেষ্টা,
আমার  জানার  তৃষা মেটার
তোমার নেই  তো  চেষ্টা।

নতুন  বইয়ের  গন্ধ  আসে 
হওয়ায়  ভেসে ভেসে,
নানা  রঙের  মলাটগুলি
 ডাকছে  আমায়  হেসে।


ঝোলায়  ভরে  বই  নিয়ে  যায়
তোমার  ছেলে মেয়ে,
আমার  কেন  কাটবে  বেলা
থালা-বাসন   ধুয়ে !


আমার ও যে  ইচ্ছে করে
তোমার সাথে  যেতে,
ঠাকুমার  ঝুলি  থেকে
মানিক খুঁজে  নিতে।


সব  ভুলে  তাই  মন   যেতে  চায়
স্বপনপুরীর  দেশে ,
হটাত্   আসে  কাজের  তাড়া
জ্যান্ত   বাঘের  বেশে।


এক  কোপে  তার মুণ্ডুখানা
দিই  না  কেন  উড়িয়ে
বাঁধলে  কোমর   সবাই  মিলে
যায়  কি  রাখা  ঠেকিয়ে ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

14 Nov 2018

সবুজের মাঝে

সবুজের মাঝে
***************

বিশাল দুর্গম এই প্রাচীন জঙ্গলের মাঝে
আদিম সব গাছগাছালির গভীরে
বহু যুগের পুরান বিশাল বটবৃক্ষের নীচে
এক অনন্য জীবন।
কোলাহল হীন, অখন্ড, অনাবিল শান্তি,
এই দুর্লভ আশ্রয়ের স্বাদ পেতে 
আবেগভেজা হরিৎক্ষেত্র  হাতছানি দেয়
'এস, এস, এস', নির্দ্বিধায় চলে এস বুকের মাঝে।

--
এখানে শুধু ভূমিপুত্রকন্যাদের বাস
সহজ, সরল, মানুষ এরা
জানে না ছলাকলা
কঠোর পরিশ্রমই সম্বল
কঠিন এদের যাপন,
কোন লোভ বা উচ্চাশার ক্রীতদাস নয় 
মনে নেই কোন হিংসাবিদ্বেষ
বন্ধুত্বের হাত সকলের জন্য। 
--
এখানে উন্মুক্ত প্রকৃতি দুহাত বাড়িয়ে
পথভ্রষ্ট, বিপর্যস্ত, বিধস্ত পথিক কে
নিজের কোলে টেনে নেয়,
মাথার পরে উন্মুক্ত, অসীম, অনন্ত আকাশ
কনকনে ঝোড়ো বাতাসে ভাসে পাখ -পাখালীর মিষ্টি কূজন
বজ্রঘন নিকষ কালো মেঘ খেলার সাথী
দুর্বার বৃষ্টিধারার ফোঁটায় ও থাকে সহমর্মিতার স্পর্শ  
শক্ত মাটিতে ঘাসের বিছানা ঘুমপাড়ানী গান গায়।
--
জীবন এখানে কঠিন কঠোর
ভূমিমাতা দেয় দুটি মোটাচালের ভাত
কায়িক শ্রমের বিনিময়ে,
হে ক্লান্ত, জীবনযুদ্ধে ক্ষত বিক্ষত পথিক
যদি চাও এক নির্মল প্রশান্তি মাখা যাপন,
এই স্নিগ্দ্ধ সবুজের কোলে চলে এস
যেখানে পাবে সকল বেদনার প্রলেপ
সকল দুঃখের সান্তনা আর মনে নির্মল আনন্দ।
--------------------------------------------------B--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* প্রেরণা, Under the Greenwood Tree, (কিন্ত Shakespeare এর pun etc নেই, প্রেক্ষিত ও অনেকটা ভিন্ন।)
--------------/-----------/----------------/-----------/-----------------/